কুমারঘাটের বাসিন্দা তরুণ সুমিত দে’র অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রবিবার সকালে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, তিনি দীর্ঘদিন বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন এবং দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফিরেছিলেন। পরিবারের দাবি, ব্যক্তিগত সম্পর্কজনিত মানসিক টানাপোড়েনে তিনি বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন। গত ২৯ অক্টোবর গুরুতর অসুস্থ হওয়ায় প্রথমে কুমারঘাট ও কৈলাসহর হয়ে পরে তাঁকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়।
সুমিতের বাবা সত্য দে পাবিয়াছড়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। পরিবারে মা-বাবা ও ভাই সহ পাঁচজন সদস্য। এলাকায় সুমিত শান্ত ও ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল।
পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আজ কুমারঘাট মহাশ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

