আসন্ন পৌর ও নগর সংস্থা নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে কুমারঘাটে পুলিশের ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হয়। এদিন পুলিশের আধিকারিক ও কর্মীরা বিভিন্ন এলাকা পরিদর্শন করে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন।
এই ফ্ল্যাগ মার্চে নেতৃত্ব দেন ঊনকোটি জেলার পুলিশ সুপার ঋষভ, কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক ডেবিট দেববর্মণ এবং কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।
অন্যদিকে, পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং কুমারঘাট থানার ওসির নেতৃত্বে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করে কুমারঘাট থানার পুলিশ। হেলমেটবিহীন বাইক আরোহী, প্রয়োজনীয় নথিপত্র ছাড়া এবং ট্রাফিক আইন অমান্য করে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক আইন কার্যকর করার ক্ষেত্রে কুমারঘাট পুলিশের এই তৎপরতা প্রশংসনীয়।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কুমারঘাট পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সচেতন মহল।

