কুমারঘাটে চাঁদা-বিতর্কে উত্তপ্ত সংঘর্ষ, নাবালিকা সহ একই পরিবারের ৩ জন আহত, উত্তপ্ত ঊনকোটি তিপ্রা মথা নেতার অভিযোগ, তদন্তে পুলিশ কুমারঘাট/কৈলাশহর, ৪ নভেম্বর: প্রতিনিধি কুমারঘাট :
কুমারঘাট রেল স্টেশন চত্বরে চাঁদা আদায়কে কেন্দ্র করে এক পরিবারের উপর হামলার অভিযোগে তীব্র চাঞ্চল্য ঊনকোটিতে। আহত ৩ জন – বাবা, মা ও তাদের নাবালিকা মেয়ে। অভিযোগকারীর দাবি, তিনি তিপ্রা মথা মাইনোরিটি সেলের ঊনকোটি জেলা সভাপতি আসাদ আলী। পরিবারের অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে। আগরতলা যাওয়ার জন্য গাড়ি থেকে নামতেই স্টেশন চত্বরে ২০-২৫ জন যুবক চাঁদা দাবি করে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, চাঁদা দেওয়ার পরও তাদের উপর আক্রমণ করা হয়। বাবাকে মারধরের প্রতিবাদ করায় নাবালিকা মেয়েটিকেও টেনে নিয়ে গিয়ে হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ। একই সঙ্গে মহিলার গলার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। আহতদের প্রথমে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল হয়ে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদিকে, পরিবারের দাবি, ঘটনার ভিডিও ফুটেজ ডিলিট করে দেওয়া হলেও তাদের কাছে দুই অভিযুক্তের ছবি এবং “রেলওয়ে স্টেশন কালীবাড়ি, কুমারঘাট” নামে চাঁদার রশিদ রয়েছে, যা পুলিশকে দেওয়া হয়েছে। এই ঘটনায় জেলা হাসপাতালে আহতদের দেখতে যান TCF-র স্টেট প্রেসিডেন্ট রঞ্জন সিনহা সহ অন্যান্য নেতৃত্ব। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পুলিশ সূত্রে জানা গেছে, কুমারঘাট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Total Visitors: 16,124

